চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাসের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়া এলাকার ৪ নম্বর ক্যাম্পে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে কারিতাসের কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। কার্যালয়ে থাকা বিভিন্ন মালামালসহ আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






