রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। গত আগস্ট মাস থেকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এসব বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে শনিবার সকালে প্রতিমন্ত্রী উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি আধুনিক ও পরিবেশবান্ধব একটি প্রকল্প। রোহিঙ্গা ক্যাম্পের প্রতিদিনের বর্জ্যকে সম্পদে পরিণত করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম আরও বৃহৎ পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জি এম মুকতাদিরসহ মন্ত্রণালয়, প্রশাসন ও প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জি এম মুকতাদির বলেন, গত আগস্ট মাস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা জানানো হয়েছে। এ ছাড়া আরও একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top