রোমান্টিক লুকে শাকিব-সাবিলা

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর নতুন সিনেমা ‘রকস্টার’। একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিব খানের সঙ্গে দেখা গেছে সাবিলা নূর-কে।

পোস্টারে দেখা যায়, প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশে রোমান্টিক মুহূর্তে বসে আছেন শাকিব ও সাবিলা। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই স্পর্শে ডুবে গিয়ে শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন মুহূর্তটি।

পোস্টারটি শাকিব খানের ফেসবুক পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।’

এর আগে, গত ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছিল ‘রকস্টার’ সিনেমার প্রথম পোস্টার। সেখানে তাকে ভিন্ন এক রূপে দেখা যায়—চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট ও গলায় মোটা চেইন। পিচঢালা রাস্তায় পা ছড়িয়ে বসে দূরে দৃষ্টি স্থির করে থাকা সেই লুক ইতোমধ্যেই ভক্তদের মাঝে সাড়া ফেলেছে।

ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শাকিব খানের আইডিয়া থেকেই সিনেমাটির পরিকল্পনা শুরু। এমন একটি চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন শাকিব নিজেই, এরপরই তৈরি হয় ‘রকস্টার’–এর গল্প।

এটি শাকিব খান ও সাবিলা নূর জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘তাণ্ডব’ ছবিতে।

গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে ‘রকস্টার’ সিনেমার শুটিং।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top