রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে তিনদিন ধরে নিখোঁজ ৩ ছাত্রী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিন ছাত্রী নিখোঁজ রয়েছে। গত তিন দিনেও তাদের খোঁজ মেলেনি বলে জানা গেছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ ছাত্রীরা হলেন- ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, নবম শ্রেণির ছাত্রী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই ছাত্রীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডায়েরি করার পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে তাদের সর্বশেষ অবস্থান পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায় ছিল বলে জানায় পুলিশ। ওই স্থানে পৌঁছানোর আগেই তারা স্থান পরিবর্তন করায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের স্বজনেরা।

একসঙ্গে তিন কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকায় উদ্বেগ বিরাজ করছে। সন্তানদের কোনো বিপদ হয়েছে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। দ্রুত নিখোঁজ কিশোরীদের সন্ধান বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীই বিদ্যালয়ে অনিয়মিত ছিল।

পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান- মানিকপুর উচ্চবিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে গত রোববার সকালে বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন সপ্তম শ্রেণির এবং একজন নবম শ্রেণির শিক্ষার্থী। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর তারা নিজ নিজ শ্রেণিতে উপস্থিত ছিল। এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি।

প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, সোমবার শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়। এ ঘটনায় মঙ্গলবার লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

চকরিয়ায় যাওয়ার তথ্য-অনুসন্ধানে পুলিশ নিখোঁজ তিন কিশোরীর পরিবারের সদস্যরা লামা থানায় সাধারণ ডায়েরি করেছে। এরপর পুলিশ তাদের সন্ধানে কাজ শুরু করেছে। কিশোরীদের চকরিয়ায় যাওয়ার তথ্য পাওয়া গেলেও তারা সেখানে ঠিক কোথায় অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাদের নিখোঁজ হওয়ার কারণ উদ্‌ঘাটন ও সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মনজুর আলম জানান, তিন কিশোরীর নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top