রাষ্ট্রপতির তিন অপরাধের অভিযোগে ভাষণ বর্জন: ডা. শফিকুর রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিনটি অপরাধের কারণে তার ভাষণ বর্জন করা হয়েছে। তার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওয়াকআউট শেষে বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম, এই সংসদে ফ্যাসিস্টের দোসর কিংবা খুনের সহযোগীরা যেন বক্তব্য রাখতে না পারে।

ডা. শফিকুর রহমান বলেন, এই প্রেসিডেন্ট তিনটি কারণে অপরাধী। প্রথমত, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই বক্তব্য অস্বীকার করেছেন। ফলে তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়েছেন।

তৃতীয় কারণ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রপতি নিজের হাতে একটি অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে নির্বাচনে দুটি ভোট হবে। এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি সেই শপথ পাঠ করাবেন।

তিনি আরও বলেন, আমরা এই দুই ধরনের শপথ নিলেও সরকারি দল তা গ্রহণ করেনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top