চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার একটি ফিলিং স্টেশনে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে কর্মচারীদের ওপর হামলা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে বি কে আজম নামে এক ইটভাটা মালিককে আটক করেছে পুলিশ। এ সময় তার লাইসেন্সকৃত শটগানটিও জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অস্ত্র উঁচিয়ে ফিলিং স্টেশনের কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করছেন। বিষয়টি পুলিশের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অভিযুক্তের কাছ থেকে তার লাইসেন্স করা শটগান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ফিলিং স্টেশন এশিয়া পেট্রল পাম্প-এর ব্যবস্থাপক নুরুল হক জানান, মঙ্গলবার বিকেলে বি কে আজম একটি প্রাইভেটকার নিয়ে স্টেশনে এসে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত জ্বালানি নিতে চান। তবে জ্বালানি সংকটের কারণে কর্মচারীরা তাকে নির্দিষ্ট পরিমাণ তেল নেওয়ার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে তিনি কর্মচারীদের মারধর করেন এবং পরে গাড়ি থেকে শটগান বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। অতিরিক্ত জ্বালানি নিতে ব্যর্থ হয়ে তিনি স্টেশনে তাণ্ডব চালান, যার পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চাটগাঁ নিউজ/এমকেএন





