রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আধিবাসী নারীর মৃত্যু হয়েছে ।
শনিবার (২৯) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত ওই নারীর নাম খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২)। তিনি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়াপাড়া ছড়া গ্রামের বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা মোটরসাইকেল করে রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি পাহাড়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারায় এবং গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাইক চাপা পড়ে গুরুতর আহত হন ওই নারী। পরে স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যায়।
রাজস্থলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন নারীকে রাতে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও যাবার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন। তিনি বলেন এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/মিন্টু/জেএইচ





