কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলাতে ইটের খোয়া বোঝাই একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক-শ্রমিকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী উচিমং মারমা ও আবু তালেব জানান, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়িটি পাহাড়ি সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচে উল্টে যায়। এতে গাড়িতে থাকা চালকসহ ৬ জন আহত হন।
আহতরা হলেন— শৈহ্লাসাই মারমা (১৬), বোসিওয়ং মারমা (১৭), মংচসিং মারমা (১২), কৃঞ্চ কুমার (১৪), সাকিব তঞ্চঙ্গ্যা ও নুখ্যাইমং মারমা (১৫)। তাদের সবার বাড়ি গাইন্দ্যা শিশু সদন এলাকায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান।
রাজস্থলী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বুলবুল আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখনো কেউ অভিযোগ করেননি। দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়িটি উদ্ধার করে থানায় আনা হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






