রাঙ্গুনিয়া প্রতিনিধি: তথ্যপ্রযুক্তির সহায়তা ও পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ফকির টিলা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাত ৯টার দিকে ফকির টিলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে, এতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়ি থামিয়ে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত সিএনজিটি রাজারহাট থেকে কমলাছড়ি রুটে চলাচল করত। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া চালকের পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত চালকের নাম মো. মিনহাজ (৩২)। তিনি পদুয়া ইউনিয়নের ফকির টিলা গ্রামের মৃত বাদশা আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, পলাতক আসামি মিনহাজ ও অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





