রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটায় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আবছার (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়া এলাকার কৃষি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আবছার মূলত মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবারসহ সরফভাটার দক্ষিণ সিকদারপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির পাশের কৃষি মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। এদিকে কৃষি মাঠে এক ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক তার কলাগাছের সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও খোলামেলা অবস্থায় সংযুক্ত ছিল।
দীর্ঘ সময় ধরে আবছার বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। বিকেলের দিকে তারা কৃষি জমিতে গিয়ে তার দগ্ধ ও ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মরিয়মনগরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগটি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণভাবে ফেলে রাখার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. নূর উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





