কোতোয়ালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে হঠাৎ করে একটি মিছিল বের করা হয় বলে জানায় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে পরবর্তীতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত চলা ওই অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১২ জনকে আটক করা হয়।

কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) এবং ইমাম হোসেন সাদমান (২২)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top