রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক দিনমজুর নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় সড়ক দুর্ঘটনায় এক দিনমজুর নিহত হয়েছেন।

রবিবার (১৫ ) সকালে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় রাস্তার পাশে মো. খাইরুল বাশার (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি রাঙ্গুনিয়া মডেল থানাকে জানানো হয়।

নিহত খাইরুল বাশার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৪৭ এলাকার কাদির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন থেকে চার মাস আগে খাইরুল বাশার আরও ছয় থেকে সাতজনের সঙ্গে চন্দ্রঘোনা কদমতলী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতে আসেন। তারা হাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে বাসাটিতে কোনো টয়লেট ব্যবস্থা ছিল না। এ কারণে তারা রাস্তার অপর পাশে খোলা বিল বা নির্জন স্থানে প্রাকৃতিক কাজ সারতেন।

ধারণা করা হচ্ছে, রবিবার সকাল আনুমানিক আটটার দিকে রাস্তা পার হয়ে টয়লেট করতে যাওয়ার সময় অজ্ঞাত মোটরসাইকেল, ট্রাক বা অন্য কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top