রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার সমাধিতে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি

চাটগাঁ নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে রাঙ্গুনিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)–চট্টগ্রাম বিভাগ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী ইকবাল করিম, এ্যাব চট্টগ্রাম বিভাগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, প্রকৌশলী গিয়াস, প্রকৌশলী রেজাউল হায়াত খান আবির, প্রকৌশলী সাইদুল ইসলাম বাপ্পি, প্রকৌশলী ফাহাদ, প্রকৌশলী মিনহাজ, প্রকৌশলী তাউসিফ এবং প্রকৌশলী রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকৌশলী ইকবাল করিম বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আজকের এই দিনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। জাতি তাঁর অবিস্মরণীয় অবদানের জন্য তাঁকে চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এ্যাব চট্টগ্রাম বিভাগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ বলেন, শহীদ জিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে নেতৃত্বহীন জাতিকে সংগঠিত করেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ক্রান্তিলগ্নে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে সকল শ্রেণি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অগ্রগতির পথে এগিয়ে যায়। তাই এই মহান ব্যক্তিকে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top