রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় একনলা বন্দুক, একটি খালি কার্টিজ এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব বেতাগী অন্তর পাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে আবু বক্কর (৪৩) এবং একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আবদুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী তাদের গ্রেফতার করে।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





