রাঙ্গুনিয়ায় মসজিদের ছাদে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি মসজিদের ছাদ থেকে মোহাম্মদ ফাহিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফাহিম চাঁদপুরের প্রবাসী দম্পতির সন্তান। সে মুরাদনগরের এক আত্মীয়ের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ফাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিকেলের দিকে মুরাদনগর গ্রামের ওয়াকিল আহমদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন আহমদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত একটি মসজিদের ছাদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তার এমন রহস্যজনক মৃত্যুতে মুরাদনগর এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছোট্ট একটি শিশুর এমন মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

চাটগাঁ নিউজ/জগলুল/এসএ

 

Scroll to Top