রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে গেলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এসময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। এছাড়া মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সময়ে পাশের শিব মন্দিরেও তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো পাশের বিলে ফেলে দেওয়া হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং গীতা শিক্ষা কমিটি পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ





