রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, মা-ছেলে গুলিবিদ্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি (৪২)-এর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

এতে তিনি গুলিবিদ্ধ ও কুপিয়ে গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার বৃদ্ধা মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হন এবং তার পিতা রশিদ আহমদও আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩–৪ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এ হামলা চালায়। হামলায় ওসমান গনির হাত ও পেটে গুলি লাগে। এছাড়া তার একটি হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার পিতা রশিদ আহমদের মাথায়ও আঘাত লাগে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওসমান গনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বাবা-মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে তাকে দেখতে যাওয়া উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ওসমান গনির শরীরে একাধিক ছররা গুলি লেগেছে, যার মধ্যে পেটে লাগা গুলিটি সবচেয়ে গুরুতর। এছাড়া তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা হাতটি কেটে ফেলার পরামর্শ দিলেও পরিবারের অনুরোধে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পিঠের মেরুদণ্ডেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top