রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুইজন এবং নিয়মিত মামলার জিআর পরোয়ানাভুক্ত একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অপর পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পদুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া (পেকুয়া পাড়া) এলাকার মৃত সুইজাইপ্রু মারমার ছেলে মংলাচিং মার্মা (৩১) এবং একই এলাকার কালিপাহাড়, মেম্বারপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নানকে (৫৫) মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
অন্যদিকে, পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়নগর মাতবরেরটিলা এলাকার রেজাউল করিমের ছেলে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. কালু মিয়া প্রকাশ ফাহিমকে (২২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





