রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মজুদ ও বিক্রির সঠিক তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্টক রেজিস্টার না থাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার অভিযোগে তিনটি চালকলকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার রানীরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু।
অভিযান সূত্রে জানা যায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু জানান, চালকলগুলোতে মজুদ ও বিক্রির সঠিক তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্টক রেজিস্টার পাওয়া যায়নি। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি এবং কিছু প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





