কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়ি থেকে উদ্ধার ইয়াবাসহ ৩৬ লাখ টাকা!
আটক ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯০ হাজার পিস ইয়াবাসহ নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়া এলাকায় কক্সবাজার আদালত পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ প্রকাশ শহীদের মালিকানাধীন বাড়িতে এ অভিযান চালানো হয়।

এসময় উক্ত বাড়ি থেকে আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সহযোগী সায়মন সরোয়ারকে (১৬) আটক করা হয়। তারা মূলত টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি কক্সবাজারের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বাড়িটিতে মাদক ব্যবসার আড়ালে মালিকের অন্য ভূমিকা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে উক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top