রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের চারাবটতল এলাকায় রাস্তার পাশের একটি প্রবাহমান খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিশেষ অভিযান চালিয়ে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার পর এবার খালের জায়গা উদ্ধার করতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল আরেফিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে খালের পানি চলাচল স্বাভাবিক রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জরিমানার মাধ্যমে আইন লঙ্ঘনের প্রাথমিক শাস্তি দেওয়া হয়েছিল, এবার উচ্ছেদের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হলো।
স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, খালটি দখল হয়ে যাওয়ায় বর্ষাকালে এ এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার আশঙ্কা ছিল। উচ্ছেদের ফলে এখন পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





