রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির একটি মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাইকৃত একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়।
জানা যায়, মো. হান্নান নামের এক ব্যক্তি রাঙামাটি কোতয়ালী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, নূরুল আলম (৪৫), রুবেল দাশ ও অন্তর দাশ নামের তিন ব্যক্তি তার মালিকানাধীন একটি টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৯৭৯৮) গত ১০ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ভাড়ায় নিয়ে এসে তা অজ্ঞাত স্থানে আত্মসাৎ করে। এ ঘটনায় গাড়ির মালিক মো. হান্নান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে ২৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বান্দরবান সদর থানার পৌর এলাকার ধানস পাখির মোড় (পাখিচত্বর) এলাকা থেকে মো. নূরুল আলম (৪৫)-কে গ্রেফতার করেন। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ রাজঘাটা এলাকায় অভিযান চালিয়ে রুবেল দাশ (৩৪)-কে তার নিজ মালিকানাধীন গাড়ির ওয়ার্কশপ থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।
পুলিশ জানায়, অভিযানের সময় চোরাইকৃত টয়োটা মাইক্রোবাসটি উদ্ধার করা হয় এবং তা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন





