চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ এবং দুটি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় সোয়া নয়টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি রাউজান পৌর এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত সরে পড়ে। পালানোর সময় তারা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ফেলে যায়।
পরে জসিম কোম্পানির একটি বসতবাড়ির পাশের পুকুরের পশ্চিম পাড়ের ঝোপ থেকে ওই ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগ তল্লাশি করে একটি পাইপগান, চারটি কার্তুজ, দুটি পিস্তলের কার্তুজ এবং একটি লোহার পাইপ পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।
চাটগাঁ নিউজ/এমকেএন





