রাউজানে রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. এমদাদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার সদর রাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিশখানপাড়া এলাকার নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদ পরিবারের একমাত্র ছেলে ছিলেন। তার দুই বোন রয়েছে। তিনি বিবাহিত এবং এক ছেলে সন্তানের জনক।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের পারিবারিক বিরোধ বা ঝামেলা ছিল না। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাদের পরিবারের কাছেও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top