চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় যুবদল কর্মী মোহাম্মদ মুজিবকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে পূর্ব বিরোধের জেরে কতিপয় দুর্বৃত্ত মোহাম্মদ মুজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মোহাম্মদ মুজিব হত্যার পর থেকে রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণসহ প্রযুক্তিনির্ভর নানা পদক্ষেপ নেওয়া হয়।
বুধবার রাতে বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার এক নম্বর আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





