রাউজানে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : রাউজান থানা এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় উদ্ধার করা হয়েছে বিভিন্ন আলামত। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৮ মার্চ) একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান উপজেলায় মঙ্গলবার শবে কদরের রাত দেড়টার দিকে পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পার্শ্ববর্তী বদুপাড়া এলাকায় মৃত হাজী মো. ইউসুফের নতুন বাড়িতে হানা দেয় ডাকাত দল। দোতলা বাড়ির সিঁড়িঘরের টিনের ছাদ কেটে ডাকাতদল ভেতরে প্রবেশ করে। তাদের পরিবারের ছয় ভাইয়ের মধ্যে পাঁচজন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। এ সুযোগে ডাকাতরা বাড়ির নারীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তবে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এসময় তারা পার্শ্ববর্তী খইয়াখালী এলাকার দিকে পালিয়ে গেলে সেখানকার মানুষ কয়েকজন ডাকাতকে ধরে পেলে। সর্বশেষ মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত ৯ জন ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, রাউজান থানা পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় নগরের ২ নম্বর গেইট পুলিশ সুপার কার্যালয় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার উপস্থিত থেকে গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top