চাটগাঁ নিউজ ডেস্ক: চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে চট্টগ্রামের রাউজানে মো. আমান উল্লাহ নামে এক যুবদলকর্মীকে ধরে গণপিটুনী দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ সোমবার (২ মার্চ) বিকালে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাদাগাজী বাড়ি সংলগ্ন সড়কে এই গণপিটুনীর ঘটনা ঘটে। গণপিটুনীর শিকার কথিত যুবদল নেতা আমান ওই এলাকার মো. শাহ আলমের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমান উল্লাহ সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। ৫ আগস্টের পর নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করা শুরু করে। চাঁদাবাজি করতে গিয়ে কখনো মানুষকে মারধর করেছেন, কখনো মাথা ফাটানো আবার কখনো কারো সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করেছেন।
পুনরায় একই কার্যক্রম চালাতে গেলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে আজ বিকালে তাকে গণপিটুনী দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বিষয়টি নিয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, আমান উল্লাহ নামের একজনকে চাঁদাবাজির দায়ে গণপিটুনী দিয়েছে বলে শুনছি। সে নাকি মানুষের কাছ থেকে টাকা চায়। স্থানীয় চেয়ারম্যান ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়, মারধর করায় তাকে চিকিৎসার জন্য স্থানীয়দের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





