রমজানে খোলা থাকছে না স্কুল, ছুটি কাল থেকেই

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পূর্বের সূচিতে আংশিক পাঠদানের পরিকল্পনা থাকলেও, নতুন সংশোধিত তালিকায় পুরো রমজান মাস ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সংশোধিত ছুটির তালিকা নিশ্চিত করা হয়।

তালিকা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজান মাসে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত এবং ধর্মীয় ইবাদতের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, বার্ষিক ক্যালেন্ডারে রমজানের কিছু অংশ খোলা রাখার কথা থাকলেও অভিভাবক ও শিক্ষক মহলের অনুরোধের প্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়।

ঈদের ছুটি শেষে পূর্বনির্ধারিত তারিখে পুনরায় পাঠদান শুরু হবে অর্থাৎ আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন ছুটির কথা উল্লেখ করা হয়েছে।

চাটগাঁ  নিউজ/জেএইচ

Scroll to Top