রমজানের প্রথম দিনেই দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসের শুরুর দিনেই মৃদু ভূকম্পনে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জ জেলার ছাতকে। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। গভীরতা কম হওয়ার কারণে সুনামগঞ্জ ও সিলেট নগরীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পনটি বেশ পরিষ্কারভাবে অনুভূত হয়েছে।

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ৪.১ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতকে। তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

সিলেট অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে হঠাৎ করে ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে উঠলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top