যেকোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশজুড়ে জ্বালানি তেলের ঘাটতি এবং নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, বর্তমানে পাম্পগুলোতে সরবরাহ করা দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এর ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং মোটরসাইকেল চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত চাপের কারণে কর্মরতদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে।

সংগঠনটি জানায়, পর্যাপ্ত সরবরাহ না থাকায় পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এ অবস্থায় যেকোনো সময় পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। তারা অভিযোগ করে, জ্বালানি বিক্রির সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা বাড়ছে, যা সরকার ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে না।

তাদের মতে, স্বাভাবিক পরিস্থিতিতে কয়েকদিন চলার মতো জ্বালানি মজুত থাকলেও হঠাৎ অতিরিক্ত চাহিদা ও অনিয়ন্ত্রিত বিক্রির কারণে তা অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এক ব্যক্তি দিনে একাধিকবার তেল নিচ্ছেন এবং পরে তা বেশি দামে বিক্রি করছেন। কেউ কেউ আংশিক ভরা ট্যাংক নিয়েও বারবার তেল সংগ্রহ করছেন, ফলে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।

এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। কিছু এলাকায় লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পাম্পের জ্বালানি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

সংগঠনটি আরও জানায়, শুধু পাম্পেই নয়, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ট্যাংকার লুট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঈদের আগের দিন অনেক পাম্পে জরুরি সেবার জন্য সামান্য পরিমাণ জ্বালানিও সংরক্ষণ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়। এমনকি অ্যাম্বুলেন্সের জন্য রাখা জ্বালানিও জোর করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা জোরদার না করা হলে ডিপো থেকে তেল সংগ্রহ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে সতর্ক করেছে সংগঠনটি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top