চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বারেক বিল্ডিং পেট্রোল পাম্প এলাকায় ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. দিন ইসলাম নামে এক পথচারি। এসময় তার গলায় ছুরি ধরে রেলস্টেশন এলাকায় নিয়ে গিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. দিন ইসলাম আগ্রাবাদ ইসলামিক হাসপাতাল থেকে একটি সিএনজি অটোরিকশা নিয়ে বারেক বিল্ডিং মোড়ে এসে নামেন। এরপর তার স্ত্রী ফোন করলে তিনি মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ পিছন থেকে একজন তার গলায় ছুরি ধরে। পরে ছিনতাইকারিরা জোরপূর্বক রেলস্টেশন এলাকায় নিয়ে গিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তখন দিন ইসলাম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এসময় ছিনতাইকারিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী মো. দিন ইসলাম চাটগাঁ নিউজকে বলেন, আমি আগ্রাবাদ ইসলামিক হাসপাতাল থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে বারেক বিল্ডিং মোড়ে এসে স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। এসময় তিনজন অজ্ঞাত লোক আমার গলায় ছুরি ধরে রেলস্টেশনে জোরপূর্বক নিয়ে যান। তারপর আমার সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে মোবাইল নেয়ার চেষ্টা করে। তখন আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারিরা আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি বলেন, কোথাও কেউ নিরাপদ নয়, তাই চলার পথে নির্জন কিংবা লোক সমাগম নেই এমন জায়গা দিয়ে চলাফেরা করার সময় সাবধান এবং সতর্ক না হলে বিপদ ঘটার আশঙ্কা রয়েছে। এসময় মোবাইলে কথা বলা বা ওইসব স্থানে অবস্থান না করা উচিত। নইলে আমার মত দুর্ঘটনার শিকার পারেন।
চাটগাঁ নিউজ/এসএ





