যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ১২ দিন পর আবার চালু সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়ার ১২ দিন পর আবারও উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী।

এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। ১২ দিন পর ত্রুটি কাটিয়ে মঙ্গলবার ফের উৎপাদনে ফিরেছে কারখানাটি।

সিইউএফএল সূত্র জানায়, কারখানাটিতে সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। কারখানাটি স্বাভাবিকভাবে চালু থাকলে প্রতিদিন প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সূত্র আরও জানায়, প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে দীর্ঘ সময় লেগে যায়। এ ছাড়া আগের তুলনায় বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতাও কমে গেছে।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, ‘চলতি বছরের ৪ মার্চ গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পাওয়ার পাশাপাশি যান্ত্রিক ত্রুটি কাটিয়ে গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। প্রথমে অ্যামোনিয়া উৎপাদন এবং পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালু করা হয়। কিন্তু দুই দিন পরই যান্ত্রিক ত্রুটির কারণে ১৭ সেপ্টেম্বর ভোরে আবার উৎপাদন বন্ধ হয়ে যায়। ১২ দিন ত্রুটি মেরামতের পর মঙ্গলবার বিকেলে পুনরায় উৎপাদনে ফিরেছি।’

তিনি আরও বলেন, ‘কারখানাটি প্রায় ৪০ বছরের পুরোনো। কখন কখন বন্ধ হয়ে যাবে, তার নিশ্চয়তা নেই। কারখানাটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করতে পারলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।’

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top