চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে ওই যাত্রীর লাগেজ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, এনএসআই কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস যৌথ অভিযান পরিচালনা করে ২৭০ কার্টুন সিগারেট (মন্ড), ১৫ টি মোবাইল ফোন তার মধ্যে ৫টি আইফোন এবং ১০টি গুগল পিক্সেল ফোন জব্দ করা হয়। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা।
প্রকৌশলী ইব্রাহীম খলিল আরও জানান, যাদের কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়েছে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তার নাম মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব।
তিনি দুবাই থেকে এয়ারলাইনস ফ্লাইটে (BG148) করে দেশে ফেরেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে।
আটককৃত যাত্রীকে মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






