চাটগাঁ নিউজ ডেস্ক: নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনরত সরকারি কর্মচারীরা পুলিশের বাধার মুখে পড়েছেন। তাদের ওপর পুলিশ জলকামান থেকে পানি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নিতে গেলে এই ঘটনা ঘটে।
এদিন, সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের’ ব্যানারে সমাবেশ মিলিত হন আন্দোলনকারীরা। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দফতর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, আমরা কর্মচারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এর আগে সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবে না।
চাটগাঁ নিউজ/জেএইচ





