‘ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না’

চাটগাঁ নিউজ ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার যে তথ্য প্রচার হয়েছে, তা অসম্পূর্ণ ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। এখান থেকে সফলতা অর্জন করে তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও জানান তিনি।

এছাড়া পুরনো পদ্ধতিতে নয়, বরং নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে এসএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বক্তব্য বা তথ্য খণ্ডিতভাবে নয়, বরং প্রকৃত সত্য তুলে ধরা উচিত।

তিনি আরও জানান, আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও পর্যবেক্ষকদের জন্য নির্দিষ্ট নিয়মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top