মেসির জাদুতে এক ম্যাচ হাতে রেখেই নকআউটে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: শুরুটা ছিল হতাশার। ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হন লিওনেল মেসি। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুর্দান্ত প্রত্যাবর্তন করে জোড়া গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক, আর তার নেতৃত্বেই অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজকে ডি-বক্সের ভেতরে ফাউল করা হলেও প্রথমে খেলা চালিয়ে যেতে দেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন তিনি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তার নেওয়া শট পোস্টের বাইরে চলে যায়।

এরপরও একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে আর্জেন্টিনা। ২১ মিনিটে মেসির একটি সম্ভাবনাময় আক্রমণ শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। ৩৩ মিনিটে প্রায় ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি তিনি; ডেভিড আলাবার অসাধারণ ব্লকে রক্ষা পায় অস্ট্রিয়া।

তবে ৩৮ মিনিটে আর ভুল করেননি আর্জেন্টিনা অধিনায়ক। বাম দিক থেকে নিজেই আক্রমণের সূচনা করে বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে, যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসায়। একই সঙ্গে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬৩ মিনিটে এনজো ফের্নান্দেসের জোরালো শট প্রতিহত করে অস্ট্রিয়ার রক্ষণ। ৭৪ মিনিটে নিকোলাস গঞ্জালেসের হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

দ্বিতীয় গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত সফল হয় যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। দ্রুতগতির পাল্টা আক্রমণে জুলিয়ান আলভারেসের শট ঠেকালেও ফিরতি বলে মেসি প্রথম প্রচেষ্টায় বাধা পেলেও দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন এবং দলের জয় নিশ্চিত করেন।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে জে গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top