মার্কিন কংগ্রেসে মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতির প্রস্তাব

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ- যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান এই প্রস্তাবটি উপস্থাপন করেন।

ওহাইও অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা তার প্রস্তাবে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর চালানো সহিংসতাকে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের অনেক আগেই আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল।

প্রস্তাবে ২৫ মার্চ শুরু হওয়া ‘অপারেশন সার্চলাইট’-এর সময় সংঘটিত নৃশংসতার কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়, পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা বাঙালিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্মূলমূলক হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ওই সময় সহায়তাকারী হিসেবে অভিযুক্ত জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি এবং ১৯৭১ সালের গণহত্যা নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। ‘হিন্দু অ্যাকশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই আলোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

এই প্রস্তাবটি সেই আলোচনার ধারাবাহিকতা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দীলিপ নাথ জানিয়েছেন, কংগ্রেসে উত্থাপিত এ উদ্যোগ বিষয়টিকে নতুন করে আন্তর্জাতিক পরিসরে সামনে নিয়ে আসবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top