দক্ষিণ চট্টগ্রামের অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ

আনোয়ারা প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

দরবার সূত্রে জানা গেছে, সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে হানাফি মাযহাব অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ চন্দ্র মাস-সম্পর্কিত ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। প্রায় দুই শতাব্দী ধরে এ প্রথা অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের দুটি পবিত্র মসজিদেও আগামীকাল ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ উসামাহ খাইয়াত এবং মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ ড. সালাহ আল-বুদাইর।

মির্জাখীল দরবার শরীফের প্রধান খানকাহ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান (ক.)। তিনি তাঁর পূর্বসূরি হজরত শাহ জাঁহাগীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাঁহাগীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাঁহাগীর শামসুল আরেফীন (ক.) ও হজরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন (ক.)-এর পদাঙ্ক অনুসরণ করে দায়িত্ব পালন করে আসছেন।

দরবার সূত্র আরও জানায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বহু গ্রামে তাদের অনুসারীরা এ দিন ঈদ উদযাপন করবেন। এসব এলাকার মধ্যে রয়েছে সাতকানিয়ার এওচিয়া, গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা; চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, কানাই মাদারী, বাইনজুরি; দোহাজারী, জামিরজুরি; বাঁশখালীর কালিপুর, চাম্বল; আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ; লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী; সীতাকুণ্ডের বারিয়াঢালা, সলিমপুরসহ বিভিন্ন এলাকা।

এ ছাড়া ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর (মতলব), সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় এবং পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায়ও তাদের অনুসারীরা ঈদ উদযাপন করবেন।

ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মকছুদুর রহমান বলেন, নিকটবর্তী অঞ্চলসমূহে চাঁদ দেখার সময়ের ব্যবধান, ভৌগোলিক অবস্থান (দ্রাঘিমাংশ ও অক্ষাংশ) এবং মক্কা-মদিনাসহ আরব বিশ্বের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা শুক্রবার ঈদ উদযাপন করবেন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top