মিরসরাইয়ে স্টিলবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহাসড়কে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আশরাফ (১৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার বাসিন্দা পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) ও নুরুল আমিন (২৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবোঝাই একটি ট্রাক। এর কিছুক্ষণ পর আরেকটি কাভার্ডভ্যান ট্রাকটির পেছনে ধাক্কা দিলে চারটি গাড়ির মধ্যে শৃঙ্খল সংঘর্ষের সৃষ্টি হয়।

দুর্ঘটনার সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক সিটে আটকা পড়ে যান। একই সময়ে রাস্তা পার হওয়ার সময় আশরাফ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, হাসপাতালে আনা আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাই তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top