মিরসরাইয়ে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে যুবদল নেতা নিহত

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় নিপ্পন ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল উদ্দিন একটি প্রাইভেটকারে করে অর্থনৈতিক অঞ্চল সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারের সাথে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তিনি দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে আটকে ছিলেন।

পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গাড়ি থেকে উদ্ধার করেন। উদ্ধার করে প্রথমে তাকে মিরসরাইয়ের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রামের একের কেয়ার হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন জানান, আহত অবস্থায় তাকে চট্টগ্রামের একের কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে কেউ দেখেননি। গাড়িতে তিনি একাই ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটতে পারে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/বাবলু/এমকেএন

Scroll to Top