চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মাশরাফ উদ্দিন রাহাত (১৯) ফেনীর বালিঘর ইউনিয়নের সুন্দরপুর এলাকার আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাড়ির বেড থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত পুলিশকে জানান, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় কৌশলে ট্রাক থেকে নেমে যান। পরে তিনি রাহাতকে ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যেতে বলেন।
এ ঘটনায় গ্রেপ্তার রাহাত ও পলাতক সুজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





