চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চলন্ত একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহনকারী কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক ও তার সহকারী দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নেমে যান।
খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ বিষয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানটিতে বৈদ্যুতিক পণ্য (মশা মারার ব্যাট) ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গাড়ির গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





