চাটগাঁ নিউজ ডেস্ক: কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের পূর্বঘোষণা অনুযায়ী ঈদের আগেই মুক্তির প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গত ১৫ দিনে মিরসরাই উপজেলার ১৪ জন নেতাকর্মী কারামুক্ত হয়েছেন। এতে তাদের পরিবারে বইছে ঈদের আগাম আনন্দ।
সম্প্রতি ‘ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে মীরসরাই উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ৪৭ জন নেতাকর্মীকে ৫ আগস্ট পরবর্তী দায়ের করা বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরপরই কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট ব্যক্তিগত অর্থায়নে গ্রেপ্তারকৃতদের কারাবাসকালীন প্রয়োজন মেটাতে উপহারসামগ্রী ও পিসি কার্ডে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া পরিবারের চাহিদা অনুযায়ী ১৪ জনের জামিন নিশ্চিত করতে অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেন।
তার আন্তরিক প্রচেষ্টা, সাহসী ভূমিকা ও সার্বিক তৎপরতায় গত ১৫ দিনে জজ কোর্ট থেকে ওই ১৪ জনের জামিন মঞ্জুর হয়।
কারামুক্ত নেতাকর্মীরা হলেন— ১৩নং মায়ানী ইউনিয়নের মহিলা মেম্বার সাজেদা আক্তার, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম বিজয়, ১৬নং সাহেরখালী ইউনিয়নের ছাত্রলীগ নেতা মাইমুন হোসেন শাকিল, ১০নং মিঠানালা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল হোসেন রুবেল, ১৩নং মায়ানী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুল হক, ১১নং মঘাদিয়া ইউনিয়নের যুবলীগ নেতা ইকবাল হোসেন, ১৩নং মায়ানী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শ্যামল বড়ুয়া, ১৩নং মায়ানী ইউনিয়নের যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ১২নং খৈয়াছড়া ইউনিয়নের যুবলীগ নেতা মোশারফ হোসেন, ১৪নং হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ১৬নং সাহেরখালী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, ১১নং মঘাদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন মেম্বার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১৩নং মায়ানী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৯নং মীরসরাই সদর ইউনিয়নের মহিলা মেম্বার শামিমা আক্তার সাথী।
এছাড়াও নিয়াজ মোর্শেদ এলিটের নিজস্ব অর্থায়নে ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত মিরসরাইয়ের প্রায় ৩৫০ জন গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের কারাগারে ব্যবহারের জন্য উপহারসামগ্রী ও পিসি কার্ডে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
কারামুক্ত নেতাকর্মীরা বলেন, এই কঠিন সময়ে নিয়াজ মোর্শেদ এলিট ভাই যেভাবে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচার ও ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ। যারা দুঃসময়ে দৃঢ়ভাবে পাশে থাকেন, তারাই প্রকৃত সহযোদ্ধা।
রাজনৈতিক অস্থিরতার এই সময়ে নেতাকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে তার এমন তৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে। জামিনপ্রাপ্তদের স্বজনরাও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





