চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে একটি অয়েল ট্যাংকার পৌঁছেছে, যা দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে (লাইটারিং) খালাস করা হবে। এই কাজ সম্পন্ন করতে অন্তত দুইবার ছোট অয়েল ট্যাংকার ব্যবহার করা হতে পারে।
তিনি আরও জানান, সব প্রক্রিয়া শেষ হলে রোববারের মধ্যে জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।
এদিকে, সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ ইতোমধ্যে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ৬ নম্বর ডলফিন জেটিতে খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা রোববারের মধ্যে বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্র জানায়, পাইপলাইনে থাকা জ্বালানি সরবরাহের পাশাপাশি নতুন উৎস থেকে তেল আমদানির উদ্যোগও জোরদার করা হয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা যায়।
চাটগাঁ নিউজ/এমকেএন






