আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও একই ঘটনায় আরো দুইজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম; মো. সদর আলী; মো. রবিন মোল্লা; সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। অন্যদিকে আহতরা হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তারা সকলেই প্রবাসী বাংলাদেশি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, শুক্রবার ভোরে সেহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৭ জন গুরুতর অগ্নিদ্বগ্ধ হয়। এ সময় বাকিরা অন্য রুমে ঘুমিয়ে ছিলেন।
এদিকে দূতাবাসের বিবৃতিতে বলা হয়, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহসমূহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। যারা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে দেশটির রাজধানী মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সবাই তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।
চাটগাঁ নিউজ/জেএইচ





