চাটগাঁ নিউজ ডেস্ক: চলতি বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে শুধু গতকাল বুধবারই এসেছে ২ হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। সেই হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার।
গত অর্থবছরের একই সময়ে অর্থাৎ ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯৮২ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২২ দশমিক ৯০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





