আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমা—আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে—টানা চার দিনের সামরিক অভিযানে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, যেসব প্ল্যাটফর্ম থেকে মার্কিন বাহিনীর ওপর হামলার আশঙ্কা ছিল, সেগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বি-১ ও বি-২ বোমারু বিমান অংশ নেয় এই অভিযানে।
তিনি আরও বলেন, বহু বছর ধরে এই জলসীমাগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান হয়রানি করে আসছিল। সাম্প্রতিক অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে কোনো ইরানি যুদ্ধজাহাজ সক্রিয় নেই বলেও দাবি করেন তিনি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’-তে ৫০ হাজারের বেশি সেনা ও ২০০-রও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ তথ্যে জানা যায়, গত চার দিনে ইরানের প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র : সিএনএন
চাটগাঁ নিউজ/এমকেএন





