মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

চাটগাঁ নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

আদালত সূত্রে জানা যায়, মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের প্রেক্ষিতে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককেও হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ২২ আগস্ট, যেখানে আইনজীবী জিয়াউল হক বাদী হিসেবে আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার’ ও ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না।

এদিকে, ২০১৩ সালের জুলাই মাসে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুও জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন সময়ে আসামিরা জিয়া পরিবারকে নিয়ে বিরূপ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলেও মামলায় দাবি করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top