মানবতাবিরোধী অপরাধের বিচার চলবে নিজস্ব গতিতে: আইনমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়াতেই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় আইনের নিজস্ব ধারা অনুসরণ করা হবে এবং কোথাও কোনো অপব্যবহারের অভিযোগ উঠলে তা যথাযথভাবে পর্যালোচনা করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী স্পষ্ট করেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। আইনের শাসন বজায় রেখেই বিচার কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে যদি কোনো ক্ষেত্রে আইনের অপপ্রয়োগের বিষয় সামনে আসে, তা গুরুত্বসহকারে দেখা হবে।

তিনি আরও জানান, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অতীতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ করেই সরকার সামনের পথচলা অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। নতুন করে তার কিছু বলার নেই।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top