মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

বিনোদন ডেস্ক: লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

আজ সোমবার (৯ মার্চ) ঢাকার একটি আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন।

মামলার শুনানির সময় সিআইডি পুলিশের পরিদর্শক শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন।  অভিযোগপত্রে উল্লেখিত ৯ জন সাক্ষীর মধ্যে আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার অফিস কক্ষে তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

ঘটনার পর ২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।

পরবর্তীতে তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল হোসেন আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত আসিফ আকবরের বিচার শুরুর আদেশ দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top